উয়েফা নেশনস লিগের শুরুতেই বড় ধাক্কা হজম করতে হয়েছে বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বিধ্বস্ত হয়েছে ফ্রান্স। হাই ভোল্টেজ ম্যাচে তারা ইতালির কাছে ৩-১ গোলে হেরেছে। জয়ী দলের হয়ে ফেডেরিকো ডিমার্কো, ডেভিড ফ্রাতেসি ও গিয়াকোমো রাসপাদোরি গোল করেন। ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাডলি বারকোলা।
ফ্রান্স বিধ্বস্ত হলেও ম্যাচের শুরুটা ছিল কিন্তু বিপরীতধর্মী। ম্যাচ শুরু হতে না হতেই গোল হজম করেছিল ইতালি। ম্যাচের বয়স তখন মাত্র ১২ সেকেন্ড। জিওভান্নি ডি লোরেঞ্জোর কাছ থেকে বল কেড়ে নিয়ে বারকোলা গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমাকে হতবাক করে বল জালে জড়িয়ে দেন।
প্রথমার্ধেই ইতালি ম্যাচে সমতায় ফেরায়। ম্যাচের বয়স তখন ঠিক ৩০ মিনিট পার হয়েছে। সান্দ্রো টোনালির পাস থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে ফেডেরিকো ডিমার্কো গোল করে ইতালিকে লড়াইয়ে ফেরান। বিরতির পরপরই স্বাগতিক দলকে শুদ্ধ করে দেন ডেভিড ফ্রাতেসি। ইতালিকে ২-১ গোলে এগিয়ে নেন তিনি। ৭৪ মিনিটে পার্ক দি প্রিন্সে উপস্থিত থাকা ফ্রান্স সমর্থকদের বাকহীন করে দেন গিয়াকোমো রাসপাদোরি।
২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে ব্যর্থতা ঝেড়ে ফেলতে এ ম্যাচে উভয় দলই জয় চেয়েছিল। ফ্রান্স শুরুটা ভালো করলে ইতালি তাদের অতি প্রয়োজনীয় জয়টা তুলে নেয়। ম্যাচ শেষে ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি বলেন, অসাধারণ এক ম্যাচ। টোনালি পুরো ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে আমরা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সে দারুণ খেলা উপহার দিয়েছে। আমরা আবার একজন ভালো খেলোয়াড় পেলাম।'
এ জয়ের ফলে ইতালি গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। পয়েন্ট ও গোল- সবকিছু সমান হলেও দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। নিজেদের ম্যাচে তারা ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে।