বেলজিয়ামকে হারিয়ে ঘুরে দাঁড়াল ফ্রান্স

ইতালির কাছে হারের ধাক্কা সামলে উয়েফা নেশনস কাপে জয়ের ধারায় ফিরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সোমবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে তারা ২-০ গোলে হারিয়েছে। ম্যাচের উভয়ার্ধে একটি করে গোল পায় তারা। র্যান্ডল কোলো মুয়ানি এবং ওসমানে দেম্বেলে করেন গোল দুটো।

ফ্রান্সের এ জয়ের ফলে গ্রুপে লড়াই বেশ জমে উঠেছে। দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফ্রান্স বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা বেলজিয়ামের পয়েন্টও ৩। ইতালি দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। প্রথম ম্যাচে ফ্রান্সকে হারানোর পর গতকাল ইতালি ইসরায়েলকে ২-১ গোলে হারিয়েছে। দুই ম্যাচের দুটোতে হেরে ইসরায়েল সবার নিচে।

ইতালির কাছে প্রথম ম্যাচে হারের পর ফ্রান্স কোচ দলে একাধিক পরিবর্তন আনেন। কিলিয়ান এমবাপ্পেসহ প্রথম একাদশে আট খেলোয়াড়কে সাইড বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন। তার এ পরিকল্পনা দারুণভাবে কাজে দিয়েছি। তবে শুরুটা ছিল বেশ ভয় জাগানিয়া। সফরকারী বেলজিয়াম শুরুতে ভালোভাবে ইতালিকে চেপে ধরেছিল। তবে ম্যাচের বয়স আধাঘন্টা হতেই কাঙ্খিত গোলের দেখা পায় ফ্রান্স। কোলো মুয়ানি করেন গোলটি। তবে ওসমানে দেম্বেলে একের পর এক যেভাবে আক্রমণ করছিলেন তাতে করে তার গোল পাওয়াটা ছিল সময়ের ব্যাপার। ৫৭ মিনিটে সমর্থকদের সেই আশা পূর্ণ করেন তিনি।

জয়ের বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ার পর ফ্রান্স কোচ দলে পরিবর্তন আনতে শুরু করেন। তারই এক পর্যায়ে ৬৭ মিনিটে মাঠে আসেন এমবাপ্পে। গোলের সুযোগ পেয়েছেন। চেষ্টা করেছেন স্কোরশিটে নাম যোগ করার। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। থাকলে হয়তো ৮৬ মিনিটে তার নামের পাশে একটা গোল লেখা থাকতে পারতো।