সাকিবকে ‘মেগাস্টার’ বললেন হামজা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক ফুটবলারের মুখে যখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার প্রশংসা শোনা যায়, তখন বোঝা যায়-সীমানার বেড়া ডিঙিয়ে একতা কীভাবে গড়ে ওঠে। লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী সম্প্রতি নিজের ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন-সাকিব আল হাসান একজন মেগা স্টার, একজন আইকন।

সাক্ষাৎকারে হামজা বলেন, ‘সাকিব একজন আইকন। তামিম ইকবালের সাথে বাংলাদেশের ক্রিকেটকে বহু বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একজন মেগা স্টার।’

এই বক্তব্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং ক্রীড়াঙ্গনের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য উদাহরণ। একদিকে সাকিব ও তামিম-যারা বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বদরবারে পরিচিত করেছেন; অন্যদিকে হামজা-যিনি ইংল্যান্ডের মাটিতে বড় হয়ে জাতীয় ফুটবল দলের হয়ে মাঠে নেমে এনে দিয়েছেন ভিন্ন এক গর্ব।

বাংলাদেশে হামজার আগমন যেন বাস্তবের চেয়ে স্বপ্নের গল্প। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার যখন ঢাকায় পা রাখলেন, তখন লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন। ভক্তরা তাকে আপনজন মনে করলেন, হামজাও তাদের সেই ভালোবাসায় মুগ্ধ।

তিনি বলেন, ‘ওরা আমাকে শুধু একজন ফুটবলার নয়, আপনজন হিসেবে দেখেছে। এত ভালোবাসা অনেকের কাছে ঝুঁকিপূর্ণ মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে হৃদয়ের বিষয়। এমন আন্তরিকতা ইংল্যান্ডেও পাই না সবসময়।’

বাংলাদেশে ক্রিকেট দীর্ঘদিন ধরেই সবচেয়ে জনপ্রিয় খেলা। তবে হামজার মতে, ফুটবলও এখন সেই অবস্থানে যাওয়ার পথে, ‘আমার মনে হয় ফুটবল দেশের প্রধান খেলা হয়ে উঠছে।’