বাংলাদেশ নারী ফুটবলের প্রশংসায় ফিফা

একসময় আন্তর্জাতিক ফুটবল মানেই বাংলাদেশের হতাশা। বিশ্ব ফুটবলে দেশের নাম এলেও তা নেতিবাচক কারণে। কিন্তু এবার গল্পটা অন্যরকম-আর সেই গল্প লিখছে লাল-সবুজের মেয়েরা।

বাংলাদেশ নারী ফুটবল দলের অসাধারণ সাফল্যকে স্বীকৃতি দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুধু স্বীকৃতি নয়, নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ ও ঘোষণায় বাংলাদেশকে দিয়েছে জায়গা-যা দেশের ক্রীড়াজগতে এক বিরল অর্জন।

আজ বৃহস্পতিবার ফিফা প্রকাশ করেছে নতুন নারী ফুটবল র‍্যাঙ্কিং। আর তাতেই দেখা গেল, বাংলাদেশ নারী দল ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছে ১০৪ নম্বরে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এ র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করেই ফিফা বলেছে, ‘বাংলাদেশ সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করেছে।’ শুধু তাই নয়, তারা একটি গ্রাফিক কার্ডে দেখিয়েছে, কিভাবে বাংলাদেশ সময়ের সঙ্গে র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে। আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ১০৯৯.৩৬, এখন তা বেড়ে ১১৭৯.৮৭-অর্থাৎ ৮০.৫১ পয়েন্ট উন্নতি।

বাংলাদেশ এবারই প্রথম এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ এর মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাছাইপর্বে হারিয়েছে শক্তিশালী বাহরাইন, মিয়ানমার এবং তুর্কমেনিস্তানকে।

তিন ম্যাচে অপরাজিত থেকে, ৯ পয়েন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৯টি গোল দিয়ে, হজম করেছে মাত্র ১টি। এমন পারফরম্যান্সের পর ফিফা বলছে-এশিয়ান কাপে ভালো করলে বিশ্বকাপ খেলারও সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে।