মেসির নেতৃত্বে নতুন চেহারার আর্জেন্টিনা

তরুণদের অভিজ্ঞতা বাড়াতে অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে নতুন মুখ নিয়ে দল সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোর জন্য ঘোষিত দলে আছেন লিওনেল মেসি, তবে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিন তরুণ-জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে।

আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে স্পেনে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ ক্যাম্প করবে দল। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকেননি স্কালোনি, যাতে স্থানীয় লিগের ক্ষতি না হয়। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোচ উভয়েরই এ ব্যাপারে মত ছিল এক।

তাই দলে দেখা যায় না বোকা জুনিয়র্সের লিয়েন্দ্রো পারেদেস, রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো কিংবা অভিজ্ঞ মার্কাস আকুনাকে। বরং সুযোগ পেয়েছেন নতুন প্রজন্মের কয়েকজন বিদেশে খেলা তরুণ।

২৩ বছর বয়সী স্ট্রাইকার জোয়াকিন পানিচেল্লি খেলছেন ফরাসি ক্লাব স্ট্রাসবার্গে, যেখানে তিনি লিগ ওয়ানের ১১ ম্যাচে ৯ গোল করেছেন। ১৯ বছর বয়সী জিয়ানলুকা প্রেস্টিয়ানি সম্প্রতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছিলেন এবং বর্তমানে হোসে মরিনিয়োর অধীনে বেনফিকায় খেলছেন। এবার তার জন্য এটি জাতীয় দলে প্রথম ডাক। ২২ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে ইতালিয়ান ক্লাব কোমোতে নিকো পাজের সতীর্থ হিসেবে খেলছেন; গোলের সুযোগ তৈরিতে তার দক্ষতাই স্কালোনিকে আকৃষ্ট করেছে।

ডিফেন্সে ফেরানো হয়েছে তরুণ ভ্যালেন্টিন বার্কোকে, যিনি গত মার্চে এল সালভাদরের বিপক্ষে অভিষেকের পর আর খেলেননি। ক্লাব পর্যায়ে তার ফর্মও দারুণ—স্ট্রাসবার্গের হয়ে চলতি মৌসুমে এক গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি।

অন্যদিকে, মেসি আগের মতোই দলে আছেন এবং নেতৃত্ব দেবেন। তবে তার খেলার সম্ভাবনা নিয়ে এখনো কিছু বলেননি কোচ। অভিজ্ঞদের মধ্যে রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস তালিয়াফিকো ও জিওভান্নি লো সেলসো রয়েছেন। আগের উইন্ডোতে নিষেধাজ্ঞার কারণে না খেলা এনজো ফার্নান্দেজ ফিরেছেন এবার।

আর্জেন্টিনার স্কোয়াড-
গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।