আজ রাতেই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ নেপাল-কাগজে-কলমে প্রীতি ম্যাচ হলেও বাস্তবে এটি অনেক বড় এক পরীক্ষা। কারণ এই ম্যাচই হয়ে উঠতে পারে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার শেষ সুযোগ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা গতকাল সংবাদ সম্মেলনে জানালেন, এই ম্যাচ তার কাছে শুধু প্রস্তুতি নয়, একটি ‘বার্তা পাঠানোর সুযোগ’। কাবরেরা বলেন, ‘আমরা ভালো খেলছি, কিন্তু এখনো সেই ফাইনাল জয়টা পাইনি। নেপালের বিপক্ষে আমরা সেসব কৌশল প্রয়োগ করব, যেগুলো ভারতের বিপক্ষে ব্যবহার করতে চাই।’
এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। ভারত ম্যাচে কার্ড নিষেধাজ্ঞায় থাকা ফাহামিদুল ইসলাম নেই স্কোয়াডে। চোটে ছিটকে গেছেন শেখ মোরসালিন। তবে নতুন মুখদের জন্য এটি হতে পারে নিজেদের প্রমাণের সুযোগ। কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম সম্প্রতি দলে যোগ দিয়েছেন এবং নেপালের বিপক্ষে কিছু সময় মাঠে নামার সম্ভাবনা আছে। একই সঙ্গে নতুন খেলোয়াড় কিউবা মিচেলের অভিষেকও হতে পারে আজ।
নেপালের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাস বাংলাদেশের জন্য সুখকর নয়। গত পাঁচ ম্যাচে কোনো জয় নেই লাল-সবুজদের। সর্বশেষ জয়ের দেখা মিলেছিল ২০২০ সালে, ঢাকাতেই ২–০ ব্যবধানে। এরপর থেকে দুই দল সমানতালে লড়লেও জয় আসেনি বাংলাদেশের ঘরে। সেপ্টেম্বরে কাঠমান্ডুতে শেষ সাক্ষাতে গোলশূন্য ড্র হয়েছিল।
নেপালের জন্য বাড়তি সুবিধা-তাদের আটজন জাতীয় খেলোয়াড় নিয়মিত খেলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তাই বাংলাদেশের ফুটবলারদের খেলার ধরন ও মানসিকতা সম্পর্কে তারা ভীষণ পরিচিত। এ নিয়েই অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমার ক্লাবেই চারজন নেপালি খেলোয়াড় আছে। আমরা একে অপরকে ভালোভাবে জানি। কিন্তু এই মাঠে আমরা নিজেদের সেরা পারফরম্যান্সটা দিতে চাই। নেপাল শক্তিশালী দল, তবে জেতার সামর্থ্য আমাদের আছে।’
সমালোচনা, হতাশা-সবকিছু পেছনে ফেলে এখন কাবরেরার লক্ষ্য কেবল মাঠে জবাব দেওয়া। তিনি হাসতে হাসতেই বলেন, ‘আমি শুনেছি, ভারত ম্যাচের টিকিট চার মিনিটেই বিক্রি হয়েছে। এটাই প্রমাণ, মানুষ এখনও দলটার পাশে আছে।’