২৩ হাজার ডলারের সোনার বার, খুঁজে পেলেই আপনার

ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলে পর্যটকদের জন্য এক অভিনব ও রোমাঞ্চকর আয়োজন শুরু হতে যাচ্ছে। বরফ, তুষার আর সান্তা ক্লজের আবাসভূমি হিসেবে পরিচিত এই অঞ্চল এবার ভ্রমণপিপাসু ও রোমাঞ্চপ্রেমীদের আহ্বান জানাচ্ছে একটি গোপন সোনার বার খুঁজে বের করার অভিযানে। সৌভাগ্যবান বিজয়ীর জন্য অপেক্ষা করছে প্রায় ২৩ হাজার ৩০০ মার্কিন ডলার মূল্যের একটি সোনার বার।

‘মিডনাইট সান হান্ট’ নামে এই বিশেষ আয়োজন শুরু হবে ১৮ জুন। অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র লেভি ভিজিটর সেন্টার থেকে প্রথম সূত্র সংগ্রহ করে অভিযানে নামতে পারবেন। এরপর ধাপে ধাপে নতুন নতুন সূত্র প্রকাশ করা হবে, যা তাদের স্থানীয় দর্শনীয় স্থান, প্রাকৃতিক পথ ও বিভিন্ন আকর্ষণীয় স্থানের মধ্য দিয়ে লুকিয়ে রাখা সোনার বারের দিকে নিয়ে যাবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সোনার বারটি যেকোনো সূত্রের পরই খুঁজে পাওয়া সম্ভব। তবে সময়ের সঙ্গে সঙ্গে আরও অতিরিক্ত ইঙ্গিত প্রকাশ করা হবে, যাতে ধীরে ধীরে এর অবস্থান শনাক্ত করা সহজ হয়ে ওঠে। অভিযানের শেষ সূত্র প্রকাশ করা হবে আগামী ২২ আগস্ট।

উত্তর মেরুবৃত্তের ওপরে অবস্থিত লেভি মূলত বিশ্বের অন্যতম পরিচিত স্কি রিসোর্ট হিসেবে খ্যাত। তবে গ্রীষ্মকালে এখানকার আরেকটি বিস্ময়কর আকর্ষণ হলো ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য, যখন দিনের নির্দিষ্ট সময়জুড়ে সূর্য প্রায় অস্তই যায় না এবং দীর্ঘ সময় আলো বিরাজ করে।

লেভি পর্যটন কর্তৃপক্ষ বলছে, শীতকালীন সৌন্দর্যের জন্য বিখ্যাত এই অঞ্চলের গ্রীষ্মকালীন রূপ এখনো অনেকের কাছে অজানা। সেই অনাবিষ্কৃত সৌন্দর্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সোনার সন্ধান অভিযান পরিচালিত হচ্ছে একটি খনিশিল্প প্রতিষ্ঠান ও লেভি স্কি রিসোর্টের সহযোগিতায়। আয়োজকরা অংশগ্রহণকারীদের দায়িত্বশীল আচরণ, নির্ধারিত পথ অনুসরণ এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তারা স্পষ্ট করেছেন, এই অভিযানে কোথাও খোঁড়াখুঁড়ি বা পরিবেশের কোনো ধরনের ক্ষতি করার প্রয়োজন হবে না। সূত্র: সিএনএন