দক্ষিণ কোরিয়ার এক বিয়েতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এক ভারতীয় নারী ও তার সহকর্মীরা। কোরিয়ার এক ল্যাবে কাজ করেন এই নারী। সেখানকার এক সহকর্মীর বিয়েতে দাওয়াত পেয়ে তিনি তার ভারতীয় ও শ্রীলঙ্কান সহকর্মীদের নিয়ে অনুষ্ঠানে যান। তবে দক্ষিণ কোরিয়ায় বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার আগেই উপহার বা অর্থ দিতে হয়, এই নিয়ম তাদের জানা ছিল না। ফলে বিপাকে পড়েন তারা।
জিজ্ঞাসা নামে পরিচিত এই নারী ইনস্টাগ্রামে ঘটনাটি লিখেছেন। তিনি জানান, এটাই তাদের প্রথম কোরীয় বিয়ে। তাই স্থানীয় রীতি-নীতি সম্পর্কে কোনো ধারণা ছিল না। সময়মতো অনুষ্ঠানে পৌঁছে উপহার হিসেবে টাকা নিয়ে গিয়েছিলেন। ধারণা ছিল, নবদম্পতিকে সরাসরি হাতে দেবেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে সবাই যখন খাবারের হলের দিকে যাচ্ছিলেন, তারাও পেছনে পেছনে যান। কিন্তু হলের প্রবেশপথে এক গার্ড তাদের আটকে টোকেন দেখতে চান। ইংরেজি না জানায় গার্ড কিছু বোঝাতে পারছিলেন না। তারা দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এসময় বিয়ের পাত্রী এসে পরিস্থিতি সামলান। তিনি গার্ডকে বুঝিয়ে দেন যে এরা কোরিয়ার বিয়ের নিয়ম জানেন না। পরে তারা ভিতরে ঢুকতে পারেন।
ভারতীয় নারী লিখেছেন, ভারতে সাধারণত খাবার খাওয়ার পর উপহার বা টাকা দেওয়া হয়। কিন্তু কোরিয়ায় নিয়ম উল্টো, আগে টাকা দিয়ে তারপর খাবার। বিষয়টিকে তিনি ‘বেশ অদ্ভুত’ বলে উল্লেখ করেছেন।