ইতালির ডোলোমাইটস পর্বতমালার দুর্গম এক গুহায় বরফযুগের বিলুপ্ত বিশালাকৃতির গুহাভালুকের শত শত হাড় ও মাথার খুলি খুঁজে পেয়েছেন এক পর্বতগাইড। প্রায় ২ হাজার ৮৫০ মিটার উচ্চতায় আগে কখনো চিহ্নিত না হওয়া গুহাটিতে পাওয়া এসব কঙ্কাল বরফযুগের প্রাণীজগৎ সম্পর্কে নতুন তথ্যের সম্ভাবনা তৈরি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নতুন আবিষ্কৃত গুহাটির ভেতরের এক্সক্লুসিভ ছবি প্রকাশ করে এ খবর জানিয়েছে।
পর্বতগাইড কার্ট ভালদে ২২ কেজি ওজনের ব্যাকপ্যাক নিয়ে খাড়া পাহাড়ি ঢাল বেয়ে গুহাটির সন্ধানে নেমেছিলেন। ঢালজুড়ে ছিল আলগা পাথর। প্রথমে একটি পাথুরে জায়গাকে গুহার প্রবেশপথ মনে করলেও পরে বুঝতে পারেন, সেটি ভুল জায়গা। দড়ির শেষ প্রান্তে পৌঁছানোর পরও অনুসন্ধান চালিয়ে যান তিনি। শেষ কয়েক মিটার দড়ি ছাড়াই অতিক্রম করে অবশেষে গুহার মুখে পৌঁছান।
গুহার ভেতরে প্রবেশ করে মাথায় থাকা টর্চের আলো ফেলতেই অবিশ্বাস্য দৃশ্য চোখে পড়ে তাঁর। গভীরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বরফযুগের অসংখ্য কঙ্কাল, হাড় ও মাথার খুলি। ধারণা করা হচ্ছে, এগুলো Ursus ladinicus প্রজাতির গুহাভালুকের অবশেষ। প্রায় ২৪ হাজার বছর আগে এই প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। নতুন গুহাটির অবস্থান উত্তর ইতালির ফানেস-সেনেস-ব্রেইস ন্যাচারাল পার্কের বিখ্যাত কন্টুরিনেস গুহার বিপরীত দিকের পাহাড়ে। এখন পর্যন্ত কন্টুরিনেসই ছিল এই প্রজাতির অবশেষ নিশ্চিতভাবে পাওয়া একমাত্র স্থান।
১৯৮৭ সালে কন্টুরিনেস গুহা আবিষ্কারের পর বরফযুগের গুহাভালুক সম্পর্কে বিজ্ঞানীদের ধারণায় বড় পরিবর্তন আসে। সেখানে পাওয়া ভালুকগুলোর ওজন ছিল প্রায় ১ হাজার ২০০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৩ মিটার। পুরুষ ভালুকগুলো আকারে স্ত্রী ভালুকের চেয়ে বড় ছিল। দাঁতের গঠন বিশ্লেষণে ধারণা পাওয়া যায়, এসব ভালুক সম্পূর্ণ উদ্ভিদভোজী ছিল। তারা আল্পস অঞ্চলের বিভিন্ন ভেষজ উদ্ভিদ, পাতা ও শক্ত ঘাস খেয়ে বেঁচে থাকত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আবিষ্কৃত গুহায় পাওয়া ভালুকের হাড়ের সংখ্যা কন্টুরিনেস গুহার তুলনায় অনেক বেশি। ফলে প্রায় ৪০ বছর পর এই নতুন আবিষ্কার বরফযুগের গুহাভালুক সম্পর্কে বিজ্ঞানীদের ধারণায় আবারও পরিবর্তন আনতে পারে।
দক্ষিণ টাইরোলের ব্রুনিকো শহরের বাসিন্দা কার্ট ভালদে ৪১ বছর ধরে পর্বতগাইড হিসেবে কাজ করছেন। বিখ্যাত কন্টুরিনেস গুহায় পর্যটকদের নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া মাত্র দুজন গাইডের একজন তিনি। দীর্ঘদিন ধরেই তার মনে হতো, কন্টুরিনেস গুহার বাইরেও আশপাশের পাহাড়ে আরও কিছু লুকিয়ে রয়েছে। প্রায় সাড়ে তিন বছর আগে এক পাহাড়ের চূড়া থেকে তিনি পাথুরে ঢালে কালো একটি চিহ্ন দেখতে পান। চাঁদের পৃষ্ঠের মতো দেখতে আশপাশের ভূপ্রকৃতির মধ্যে চিহ্নটি ছিল বেশ স্পষ্ট।
তখন থেকেই জায়গাটি অনুসন্ধানের পরিকল্পনা করেন তিনি। অবশেষে ২০২৬ সালের জুলাইয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুর্গম ঢাল অতিক্রম করে গুহায় পৌঁছে পান প্রাচীন কঙ্কালের বিশাল ভাণ্ডার। গুহায় ঢুকেই কন্টুরিনেসের সঙ্গে এর ভূপ্রাকৃতিক সাদৃশ্য লক্ষ করেন ভালদে। তার ধারণা হয়, গুহাটি হয়তো একটি বৃহত্তর গুহাব্যবস্থার অংশ। প্রথম প্রায় ৬০ মিটার পথ ছিল সোজা। এর শেষে ছিল প্রাকৃতিক খনিজ পদার্থের তৈরি একটি বড় স্তর। কাছেই উঁচু পাথুরে মঞ্চের মতো জায়গায় একটি বিচ্ছিন্ন হাড় পড়ে থাকতে দেখেন তিনি। দৃশ্যটি তার কাছে রহস্যময় মনে হয়।
এরপর গুহাটি বাঁ দিকে নিচের দিকে নেমে গেছে। সেখানেই একের পর এক হাড় ও মাথার খুলি দেখতে পান তিনি। এমনকি একটি মাথার খুলি ঘাড়ের কশেরুকার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে বলেও তার মনে হয়েছে। আবিষ্কারের উত্তেজনা সামলে খুব সতর্কভাবে চলাফেরা করছিলেন ভালদে, যাতে কোনো অবশেষ নষ্ট বা স্থানচ্যুত না হয়। তার ভাষায়, গুহার ভেতরে পাওয়া হাড়ের সংখ্যা ছিল বিস্ময়কর—‘শত শত হাড়’।