আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এর সাথে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।
রোববার ( ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ওই দুই দিন ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে এই নির্দেশনা পাঠানো হয়েছে। টানা ছুটির কারণে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন আগেভাগে সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে এই সময়ে ইন্টারনেট ব্যাংকিং এবং এটিএম বুথ সেবা যথারীতি চালু থাকবে।