সবার জন্য আমদানির তথ্য উন্মুক্ত করলো এনবিআর

আমদানি বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তথ্য প্রাপ্তি সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে সাধারণ মানুষসহ ব্যবসায়ী, গবেষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য এইচএসকোড ভিত্তিক পণ্য আমদানির বিস্তারিত তথ্য উন্মুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানি করা পণ্যের এসব তথ্য এনবিআরের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে।

এনবিআর জানায়, গত সপ্তাহেই সংস্থার ওয়েবসাইট (nbr.gov.bd)-এর 'publication' পোর্টালের 'customs' লিংকে ডিসেম্বর মাসের আমদানির তথ্য আপলোড করা হয়েছে। প্রকাশিত এই তথ্যে এইচএসকোড অনুযায়ী পণ্যের পরিমাণ, ওজন এবং মূল্য সংক্রান্ত বিস্তারিত উপাত্ত রয়েছে।

সংস্থাটির মতে, এই উদ্যোগের ফলে তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং গবেষকদের জন্য নির্ভরযোগ্য ডেটা ব্যবহারের সুযোগ তৈরি হলো। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের উঠানামা, আমদানির প্রবণতা এবং দেশের বাণিজ্য কাঠামো বিশ্লেষণ করা সহজ হবে। এছাড়া বন্ডেড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তার কার্যকারিতা মূল্যায়নেও এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবে এখন থেকে প্রতি মাসেই নিয়মিতভাবে আমদানির এই পরিসংখ্যান এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।