বাংলাদেশের শিল্প খাতে তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

বাংলাদেশের চামড়া, নন-লেদার পণ্য, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ বাড়াতে তুরস্কের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি সম্প্রসারণে শুল্ক ও কাস্টমসসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) ইস্তাম্বুলের হিলটন হোটেলে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের সম্ভাবনাময় শিল্প খাতগুলোতে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে তুর্কি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে চামড়া ও নন-লেদার পণ্য, তৈরি পোশাক এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এ সময় তুরস্কের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও কাস্টমসসংক্রান্ত বাধার বিষয়টি তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসব প্রতিবন্ধকতা দূর করা এবং অতিরিক্ত শুল্ক কমাতে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি।

বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত বাণিজ্যিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়েও আলোচনা হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিদ্যমান বাধা দূর করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে। এ সময় দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমসেকের ৪২তম মিনিস্ট্রিয়াল মিটিংয়ে অংশ নিতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বর্তমানে তুরস্ক সফর করছেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত