কম সময়ের ব্যবধানে আবারও সোনার দামে বড় লাফ

৬ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বিকাল ৪টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালেও ২২ ক্যারেটের এক ভরি মূল্যবান এই ধাতুর দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। তা এখন বেড়ে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৪ বারের মতো সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৮ দফা।