বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের বিধিনিষেধ শেষে পুনরায় সচল হয়েছে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা। নির্বাচনে টাকার অবৈধ ব্যবহার রোধে কেন্দ্রীয় ব্যাংকের আরোপ করা সীমাবদ্ধতা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে তুলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই গ্রাহকরা আগের মতো স্বাভাবিক নিয়মে সব ধরনের লেনদেন করতে পারছেন।

এর আগে, নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় গত ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টার জন্য লেনদেন সীমিত করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) পর্যায়ে একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। পাশাপাশি বন্ধ ছিল ব্যাংক অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে অর্থ স্থানান্তর।

তবে ওই চার দিন মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল পরিশোধ সেবা সচল থাকলেও সাধারণ গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছিল। আজ থেকে সব ধরনের বিধিনিষেধ উঠে যাওয়ায় এমএফএস ও পিপিআই (প্রিপেইড ইনস্ট্রুমেন্ট) লেনদেন পুনরায় পূর্ণ গতিতে শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে।