২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা ইসির, স্থগিত চট্টগ্রামের ২ আসন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলেও আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপণী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে। বাকি দুটি আসনের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

ইসি সচিব বলেন, ‘ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা কার্যক্রমের সমাপ্তি হলো। সবার সহযোগিতা ও ধৈর্যের মাধ্যমে আমরা এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে পেরেছি। এই ধৈর্যের পরীক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাই উত্তীর্ণ হয়েছেন।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি আদালত সংক্রান্ত জটিলতার কারণে শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখার চিঠি জারি করেছিল ইসি। তবে পরবর্তীতে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হলেও আপাতত আসনটির গেজেট প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম-২ ও ৪ আসনের বিষয়ে আদালতের মামলা চলমান থাকায় সেগুলোর ফলাফল পরবর্তী ঘোষণার অপেক্ষায় রাখা হয়েছে।

DR/AHA
আরও পড়ুন