বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের বিদ্যমান বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সক্রিয়ভাবে কাজ করবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদিত বিভিন্ন বাণিজ্য চুক্তিগুলো বর্তমান সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে প্রয়োজনে এসকল চুক্তির পর্যালোচনা করা হবে। তিনি আরও উল্লেখ করেন, দেশে বিনিয়োগের সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সব ধরনের সুবিধা প্রদান করা হবে।
আন্তঃদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বৈশ্বিক স্থবিরতা কাটিয়ে উঠতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে।