দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এক লাফে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৪ হাজার টাকা ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছাল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৪১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত ৩৩ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২১ বারই দাম বাড়ানো হয়েছে এবং কমেছে মাত্র ১২ বার। উল্লেখ্য, গত ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বারই দাম বেড়েছিল।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম হু হু করে বাড়ছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ইরানের সঙ্গে দেশটির চলমান উত্তেজনার ফলে বিনিয়োগকারীরা স্বর্ণকে ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে বেছে নিচ্ছেন। বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম গত এক মাসে প্রায় সাড়ে ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৩২ ডলার ছাড়িয়েছে। বিশ্ববাজারের এই অস্থিরতার ঢেউ সরাসরি আছড়ে পড়েছে বাংলাদেশের বাজারেও।