মার্চের ২ দিনেই এলো ৩৭৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স 

দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। চলতি মার্চ মাসের প্রথম দুই দিনেই দেশে ৩৭৭ মিলিয়ন (৩৭ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বা ১০০ শতাংশ বেশি।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২ মার্চ এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৬২ মিলিয়ন ডলার। আর ১ ও ২ মার্চ মিলিয়ে দুই দিনে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৭ মিলিয়ন ডলারে। গত বছরের ১ ও ২ মার্চ রেমিট্যান্স এসেছিল ১৮৮ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১০০ শতাংশ।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত) সামগ্রিক রেমিট্যান্স প্রবাহ অত্যন্ত ইতিবাচক। এই আট মাস ও দুই দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২২ হাজার ৮৩০ মিলিয়ন (২২.৮৩ বিলিয়ন) মার্কিন ডলার। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৮ হাজার ৬৭৮ মিলিয়ন ডলার। সে হিসাবে অর্থবছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২২.২ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক নানা অস্থিরতার মধ্যেও প্রবাসীদের এই ব্যাপক সাড়া বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা এবং আমদানি ব্যয় মেটাতে এই প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মার্চের শুরুতেই যে গতি দেখা যাচ্ছে, তা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের উৎসাহ এবং ডলারের বাজারভিত্তিক দর নির্ধারণের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আগের চেয়ে বেশি আগ্রহী হচ্ছেন বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।