২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়লো সোনার দাম

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম প্রথমবারের মতো ২ লাখ ৭৭ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। এর আগে ১ মার্চ এই মানের সোনার দাম বাড়ানো হয়েছিল। একদিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত আন্তর্জাতিক বাজারে অস্থিরতা কিংবা স্থানীয় সংকটের কারণে তেজাবি সোনার দাম ওঠানামা করে, যার প্রভাব পড়ে সাধারণ অলঙ্কারের ওপর।

DR/SN
আরও পড়ুন