শরিয়াহ ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এসব ব্যাংকের তহবিল তছরুফের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে গভর্নর এই কড়া বার্তা দেন।
বৈঠকে গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ বহাল থাকবে। এছাড়া পাঁচ ব্যাংকের আওতাধীন যেসব কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে, সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গভর্নর বলেন, এসব কারখানাকে উৎপাদনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কোনো প্রতিষ্ঠানের বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের উদ্যোগও নেওয়া হবে। তার এই বার্তার মাধ্যমে পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে গত রোববার ব্যাংকারদের শীর্ষ সংগঠন ‘এবিবি’ প্রতিনিধিদের সাথে বৈঠকে গভর্নর স্পষ্ট করেছিলেন যে, ব্যাংক খাতে চলমান সংস্কার কোনোভাবেই থামবে না। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং আমি কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করব না।’ বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ কারখানা সচলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া ৫টি ব্যাংক- এক্সিম, সোশ্যাল ইসলামী (SIBL), ফার্স্ট সিকিউরিটি ইসলামী (FSIBL), ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। নতুন এই ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে। এছাড়া আমানত বীমা তহবিলের মাধ্যমে ছোট আমানতকারীদের পাওনা পরিশোধের প্রক্রিয়াও চলমান রয়েছে।