সোনার দামে বড় দরপতন

বিশ্ব বাজারে সোনার দামে বড় দরপতন হয়েছে। একদিনে ২ দশমিক ৩৬ শতাংশ পতন হয়েছে। রোববার (২২ মার্চ) বিশ্বজুড়ে সোনার ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‌‘গোল্ডপ্রাইস’ এ তথ্য নিশ্চিত করেছে।

গোল্ডপ্রাইস সূত্রে জানা যায়, সব শেষ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ১০৮ দশমিক ৮৩ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারে সোনার দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যেকোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

সবশেষ বৃহস্পতিবার বিকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম কমিয়েছে বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।