আন্তর্জাতিক বাজারে সোনার দাম সোমবার (২৮ সেপ্টেম্বর) ৩ শতাংশের বেশি কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে, এতে যুক্তরাষ্ট্রে সুদের হার আরো বাড়তে পারে এমন প্রত্যাশা জোরালো হয়েছে। এর প্রভাব পড়েছে সুদবিহীন সম্পদ হিসেবে পরিচিত সোনার দামে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট গোল্ডের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৫ দশমিক ৬৭ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের লেনদেনে দাম ৫ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
ডলারের মূল্য শক্ত অবস্থানে থাকায় অন্যান্য মুদ্রায় সোনা কেনার খরচ বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহারও বেড়েছে। এসব বিষয় সোনার ওপর চাপ তৈরি করেছে। ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভা বলেন, তেলের দাম বৃদ্ধি এবং বাজারে যুক্তরাষ্ট্রের সুদের হার আরো বাড়ার সম্ভাবনা মূল্যায়িত হওয়াই সাম্প্রতিক সময়ে সোনার দাম কমার প্রধান কারণ।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। সোমবার স্পট সিলভারের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৩২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৭৩৫ দশমিক ৯৫ ডলার। আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৪ দশমিক ৩৯ ডলারে।
এদিকে, বাংলাদেশের বাজায়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম এখন ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার ৪ হাজার ৪৯১ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার ২ হাজার ৭৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
আবারও দাম কমলো সোনার
অতি ক্ষুদ্র সঞ্চয় থেকেও কর নিতে চায় সরকার
'লোহিত সাগরে ইইউ'র নৌ মিশনে আরও জাহাজ প্রয়োজন'