মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে এবার অস্থির হয়ে উঠেছে শিল্প-ধাতুর বাজার। অঞ্চলটির দুই শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ বিমান হামলার পর বিশ্ববাজারে এই ধাতুর দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (৩০ মার্চ) লন্ডনের ধাতব বাজারে (LME) অ্যালুমিনিয়ামের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি মেট্রিক টন ৩,৪০১ ডলারে দাঁড়িয়েছে।
অঞ্চলটির বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ (EGA) জানিয়েছে, তাদের আবুধাবি সাইটে বিমান হামলায় ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। অন্যদিকে, ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’ (Alba) জানিয়েছে, তাদের স্থাপনায় হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে তারা। এই দুই বৃহৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে অ্যালুমিনিয়ামের তীব্র সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
অ্যালুমিনিয়াম মূলত ইলেকট্রনিক্স পণ্য, প্যাকেজিং, নির্মাণ কাজ এবং যানবাহন তৈরিতে অপরিহার্য। ফলে এই ধাতুর দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে স্মার্টফোন থেকে শুরু করে আবাসন ও গাড়ি নির্মাতা শিল্পে। বিশ্লেষকরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক না হলে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে।
এর আগে ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে অ্যালুমিনিয়ামের দাম টন প্রতি ৪,০০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। রাশিয়ার পর মধ্যপ্রাচ্যই হলো এই ধাতুর অন্যতম প্রধান উৎস। বর্তমান এই সংঘাতময় পরিস্থিতিতে বাজার পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।