ইরানে মার্কিন বাহিনীর নতুন করে চালানো হামলার জেরে বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বাড়লো অপরিশোধিত তেলের দাম।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগের কারণেই মূলত তেলের বাজারে এই টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৮৫.২৮ ডলারে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮০.০২ ডলারে।
চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে হামলার কারণে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার পর থেকেই দাম চড়তে শুরু করে।
উল্লেখ্য, এই চলমান সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের এই জ্বালানি রপ্তানি যদি এভাবে ব্যাহত হতে থাকে, তবে বছরের চতুর্থ প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১১০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
রেমিট্যান্সের পালে স্বস্তির হাওয়া, প্রবৃদ্ধির ধারা অব্যাহত
পরিবহন ও লজিস্টিকস খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি