কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে শুরু হচ্ছে '১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স'।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ২৩-২৫ এপ্রিল ঢাকার কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সাথে অনুষ্ঠিত হবে '১৯তম ঢাকা মোটর শো ২০২৬', '১০ম ঢাকা বাইক শো ২০২৬', '৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬', '৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬' এবং '৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৬'। ২৩ এপ্রিল দুপুর ১২ ঘটিকায় প্রদর্শনীসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকায় অনুষ্ঠেয় '১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬' এর এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাজ্যসহ ১০টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ৭০টিরও বেশি কোম্পানি, ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করবে। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস, ডংফেন প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে। এছাড়া, টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকবে জিহো বাংলাদেশ, সিএফ মটো বাংলাদেশ, লংজিয়া, ভিমোটো প্রভৃতি। বাণিজ্যিক যানের মধ্যে থাকছে ফোটন, ফোরল্যান্ড প্রভৃতি। প্রদর্শনীতে আরও থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোটর পার্টস এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল ইভি।
সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধাবস্থা এবং ক্রমবর্ধমান প্রচলিত জ্বালানির সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে বিকল্প জ্বালানি উৎসের ব্যবহার ক্রমেই গুরুত্ব পাচ্ছে। ফলে, ইলেকট্রিক ভেহিকল (ইভি) বা বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি এই খাতে নতুন ও তুলনামূলক সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও গুরুত্ব পাচ্ছে।
তিনি আরও বলেন, তিন দিনব্যাপী শুরু হতে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ প্রচলিত অটোমোটিভ শিল্পকে যেমন এগিয়ে নিতে ভূমিকা রাখবে, তেমনি নতুন বিকল্প প্রযুক্তি ও সমাধান গ্রহণেও সংশ্লিষ্ট শিল্পখাতকে সহায়তা করবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।