তেল উত্তোলন বাড়াচ্ছে ওপেক প্লাস, স্বস্তি ফিরবে কি বাজারে

বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস (OPEC+) জোটের সাতটি সদস্যরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরব, রাশিয়া, কুয়েত, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান এবং ওমান আগামী জুন মাস পর্যন্ত প্রতিদিন মোট ১ লাখ ৮৮ হাজার ব্যারেল অতিরিক্ত তেল উত্তোলন করবে।

সোমবার (৪ মে) অনলাইনে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই সাত দেশের জোট এই সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছায়। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ওপেক প্লাস।

প্রাথমিকভাবে গত মার্চ এবং এপ্রিল মাসে অনুষ্ঠিত বৈঠকগুলোতে সিদ্ধান্ত হয়েছিল যে, জুন মাস পর্যন্ত দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল অতিরিক্ত তেল উত্তোলন করা হবে। তবে গত ২৮ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আনুষ্ঠানিকভাবে ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ায় এই লক্ষ্যমাত্রা কিছুটা সংশোধন করে ১ লাখ ৮৮ হাজার ব্যারেলে নামিয়ে আনা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যখন বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছিল, তখন ওপেক প্লাস উৎপাদন হ্রাসের নীতি গ্রহণ করেছিল। তবে গত ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর তেলের বৈশ্বিক চাহিদা এবং দাম-দুই-ই আকাশচুম্বী হয়েছে। মূলত এই নতুন সংকট মোকাবিলায় এখন উৎপাদন বাড়ানোর পথে হাঁটছে তেল রপ্তানিকারক দেশগুলো।

উত্তোলন বাড়ানোর এই ঘোষণা দিলেও বাজার বিশ্লেষকরা খুব একটা আশাবাদী হতে পারছেন না। জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা ‘রাইস্ট্যাড এনার্জি’-র কর্মকর্তা জর্জ লিওন বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘বর্তমানে তেলের দাম বাড়ার প্রধান কারণ পণ্যের অভাব নয়, বরং সরবরাহ শৃঙ্খল (Supply Chain) ভেঙে পড়া। হরমুজ প্রণালি বর্তমানে কার্যত অবরুদ্ধ। যতক্ষণ পর্যন্ত এই জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ উৎপাদন বাড়িয়েও বাজার পরিস্থিতি স্থিতিশীল করা কঠিন হবে।’ সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন