ডেমোক্র্যাটদের জয়ের পর বাড়লো তেলের দাম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হয়, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে বুধবার (৪ নভেম্বর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে লেনদেনের সময় দামে বেশ ওঠানামা দেখা গেছে।

বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৫টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলার ৪২ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৫৯ সেন্টে পৌঁছায়। এর আগে লেনদেনের শুরুতে দাম কমলেও পরে তা ঘুরে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে এবং প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। এই রাজনৈতিক পরিবর্তনের পর ইরান যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের নীতিগত অবস্থান কী হয়, তা বোঝার চেষ্টা করছেন বাজারসংশ্লিষ্টরা।

এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। ইউক্রেন ও ইরানের যুদ্ধ বন্ধে চলমান আলোচনার সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে তখন বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে ছিলেন।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত