ঈদের ছুটিতেও খোলা থাকবে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঈদের দিন ছাড়া আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস স্টেশন ও শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা থাকবে।

সোমবার (১৮ মে) এনবিআর থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের বৈদেশিক বাণিজ্য সচল রাখতে এবং পণ্য খালাস প্রক্রিয়া গতিশীল করতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত কাস্টমস স্টেশনগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নিতে হবে। তবে ঈদের দিন সব কার্যক্রম বন্ধ থাকবে।

মূলত তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে জানিয়েছিলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি আদেশগুলো সময়মতো জাহাজীকরণ (শিপমেন্ট) করা জরুরি। এ জন্য বন্দর ও কাস্টমসের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক ও ইপিবিসহ সব প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন সহযোগিতা প্রয়োজন।

ব্যবসায়ীদের এই দাবির যৌক্তিকতা বিচার করে জাতীয় রাজস্ব বোর্ড ঈদের লম্বা ছুটির মধ্যেও কাস্টমস স্টেশনগুলো সচল রাখার এই নির্দেশনা দিল। এর ফলে ঈদের ছুটির কারণে বন্দরে পণ্য জট সৃষ্টি হওয়ার শঙ্কা কমবে এবং পোশাক শিল্পের রপ্তানি কার্যক্রম সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।