খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক-কর ছাড়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

খেজুর, কমলা ও আপেল আমদানি সহজ এবং দেশের বাজারে এসব ফলের সরবরাহ নিশ্চিত করতে আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক ও কর ছাড় দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাজা ও শুকনো খেজুর আমদানির ক্ষেত্রে ৫ শতাংশের বেশি আমদানি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। বর্তমানে চার ধরনের খেজুর আমদানি করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৫ কেজি ওজনের প্যাকেটে মোড়কজাত বা কৌটাজাত তাজা ও শুকনা খেজুরসহ অন্যান্য শ্রেণির খেজুর রয়েছে।

এছাড়া কমলা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক ও অগ্রিম করে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সুবিধা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রযোজ্য ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্কের ৫ শতাংশের বেশি এবং মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্কের ২০ শতাংশের বেশি শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়।

শুল্ক কমানোর এই সিদ্ধান্তের ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। যদিও শুল্ক কমানোর সুফল ভোক্তাপর্যায়ে প্রত্যাশা অনুসারে পৌঁছায় না বলেই মনে করে বাজার সংশ্লিষ্টরা।

জেএম
আরও পড়ুন