হরমুজ বন্ধে বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

মার্কিন বিমান হামলার জেরে ইরান বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট 'হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে তালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। ইরানের এই আকস্মিক ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ২ ডলারেরও বেশি বেড়ে গেছে।

আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ইরানের এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২.৪৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৪০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ২.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯২.৬৩ ডলারে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি ইরানে মার্কিন বিমান হামলার ঘটনার পর পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ, যার মধ্য দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। এই রুটটি বন্ধ হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাজারমূল্যে।

জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালি যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে বিশ্বজুড়ে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এর ফলে উন্নত ও উন্নয়নশীল— উভয় দেশেই পরিবহন খরচ এবং পণ্যমূল্য বেড়ে গিয়ে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বনেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাজার স্থিতিশীল রাখতে বিকল্প ব্যবস্থার চিন্তা করছেন। সূত্র: আল জাজিরা