কালো টাকা সাদা করার সুযোগ সীমিত করতে মৌজার রেট বাস্তব বাজারমূল্যের কাছাকাছি আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে মৌজার রেট প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম। বিষয়টি সংশোধনে সরকার কাজ করছে, তবে স্বল্প সময়ে বাজেট প্রণয়ন করতে হওয়ায় উদ্যোগটি এখনো সম্পন্ন করা সম্ভব হয়নি।
অর্থমন্ত্রী বলেন, মৌজার রেট পুনর্মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সারা দেশে মৌজাভিত্তিক জরিপ পরিচালনার মাধ্যমে জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। বাজারদরের সঙ্গে মৌজার রেট সমন্বয় করা গেলে কালো টাকা সাদা করার সুযোগ অনেকটাই কমে যাবে বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে মো. আবদুর রহমান খান বলেন, অনেক ক্ষেত্রে ২০ কোটি টাকায় কেনা ফ্ল্যাট মাত্র ২ কোটি টাকা দেখিয়ে নিবন্ধন করা হয়। পরে প্রকৃত লেনদেনের তথ্য প্রমাণিত হলে ক্রেতাদের অতিরিক্ত কর ও জরিমানার মুখোমুখি হতে হয়।
তিনি জানান, এ ধরনের জটিলতা কমাতে স্বেচ্ছায় প্রকৃত সম্পদের মূল্য ঘোষণা করলে নিয়মিত করের পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ কর দিয়ে তা বৈধ করার সুযোগ রাখা হয়েছে। তবে যাদের অর্থ আগে থেকেই কর পরিশোধিত বা বৈধ উৎসের, তাদের অতিরিক্ত কর দিতে হবে না।
এনবিআর চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত বিধান নিয়ে কোনো আপত্তি থাকলে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে।
এর আগে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের আমলে তার প্রথম বাজেট।