চীন-মিয়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টায় ট্রাকযোগে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে বাংলাদেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে বলে তিনি আশা করছেন। তিনি জানান, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটি গঠনে রাজনৈতিক বিবেচনায় কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। তিনি বলেন, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।