২২ ক্যারেটসহ সব ক্যারেটের নতুন মূল্য

সোনার দাম আরও কমলো, ভরি কত?

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো নিম্নমুখী সোনার দাম। গত ২৪ ঘণ্টার ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম আরও এক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। এর ফলে ভালো মানের প্রতি ভরি সোনার নতুন বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বাজুস জানিয়েছে, দেশের স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) সরবরাহ বৃদ্ধি ও দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দর দেশজুড়ে কার্যকর হয়েছে।

মঙ্গলবার সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ এর এক জরুরি বৈঠকে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল সোমবার (২৯ জুন) ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। আজ আবার দাম কমায় মাত্র দুই দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম ভরিতে মোট ৬ হাজার ৫৯০ টাকা হ্রাস পেল।

ক্যারেট অনুযায়ী সোনার নতুন দর (ভ্যাটসহ)

২২ ক্যারেট: ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমে নতুন দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

২১ ক্যারেট: ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমে নতুন দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।

১৮ ক্যারেট: ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমে নতুন দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা।

সনাতন পদ্ধতি: ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমে নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

সোনার পাশাপাশি আজ দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। তবে সোনার মতো রুপার ক্ষেত্রে ভ্যাট যুক্ত মূল্য নির্ধারণ করা হয়নি, পূর্বের নিয়ম অনুযায়ী রুপার নির্ধারিত দামের ওপর ক্রেতাকে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

আজ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ১৭৫ টাকা কমে ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১১৭ টাকা কমে ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করেছে বাজুস।