রেমিট্যান্সের পালে স্বস্তির হাওয়া, প্রবৃদ্ধি ১৭.৬ শতাংশ

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:১০ এএম

চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষ হওয়ার আগেই দেশের ইতিহাসে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় রেকর্ড তৈরি হয়েছে। অর্থবছরের শেষ সময়ে এসে মোট প্রবাসী আয়ের পরিমাণ ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

উপাত্ত অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত (৩৬৩ দিনে) দেশে প্রবাসী আয় এসেছে ৩৫ দশমিক ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ০৪৭ বিলিয়ন ডলার। সেই হিসাবে গত বছরের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। কেবল ২৮ জুন এক দিনেই প্রবাসীরা ১৩৩ মিলিয়ন ডলার পাঠিয়েছেন।

এদিকে, সদ্য সমাপ্ত জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২ দশমিক ৫৮৬ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের জুনের একই সময়ের (২ দশমিক ৫৪০ বিলিয়ন ডলার) তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রেকর্ড ছুঁয়েছিল। তবে পরবর্তীতে অর্থপাচারসহ নানা সংকটে তা কমতে শুরু করে এবং ডলারের দাম ৮৪ টাকা থেকে লাফিয়ে ১২০ টাকায় ঠেকে। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভ নেমেছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। সেই ধাক্কা সামলে বর্তমান সময়ে রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতি ও রিজার্ভের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

SN
আরও পড়ুন