পরিবেশবান্ধব মানদণ্ড নিশ্চিত করতে ভবিষ্যতে গ্রিন লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠানকে শিপ রিসাইক্লিং (শিপ ব্রেকিং) ব্যবসা পরিচালনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের শিপ রিসাইক্লিং শিল্পকে আরও নিরাপদ, প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যায়ে উন্নীত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও অবকাঠামোগত সহায়তা দেবে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, একসময় বিশ্ব জাহাজ রিসাইক্লিং শিল্পে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষে। বিভিন্ন কারণে সেই অবস্থানে কিছুটা পিছিয়ে গেলেও সরকার আবারও আন্তর্জাতিক নেতৃত্বের জায়গা ফিরে পেতে কাজ করছে। তিনি জানান, বর্তমানে দেশের ৩১টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড গ্রিন লাইসেন্স অর্জন করে আন্তর্জাতিক পরিবেশগত মান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে। যেসব প্রতিষ্ঠান এখনো এ স্বীকৃতি পায়নি, তাদেরও নির্ধারিত মানদণ্ড পূরণ করে গ্রিন লাইসেন্স অর্জন করতে হবে।
মন্ত্রী বলেন, অতীতে এ শিল্পে পরিবেশ দূষণ, শ্রমিক নিরাপত্তাহীনতা ও অস্বাস্থ্যকর কর্মপরিবেশ নিয়ে নানা সমালোচনা থাকলেও বর্তমানে গ্রিন ইয়ার্ডগুলোতে বৈজ্ঞানিক ও পরিবেশসম্মত পদ্ধতিতে জাহাজ পুনর্ব্যবহার করা হচ্ছে। এর ফলে শিল্পটির ভাবমূর্তি যেমন উন্নত হচ্ছে, তেমনি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়ছে।
শিল্পে চাঁদাবাজি, প্রশাসনিক জটিলতা কিংবা আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোনো প্রতিবন্ধকতার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উদ্যোক্তারা কোনো সমস্যার মুখোমুখি হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে দৈনিক প্রায় এক হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে সংকট নিরসন সম্ভব না হলেও শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ও শিল্প খাতের নীতিগত বিভিন্ন সমস্যার সমাধানেও কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনকালে শিপ রিসাইক্লিং শিল্প মালিক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।