কেন বাড়লো সোনার দাম? বাজুস যা জানালো

দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী:

২২ ক্যারেট: নতুন দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

২১ ক্যারেট: নতুন দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

১৮ ক্যারেট: নতুন দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।

সনাতন পদ্ধতি: নতুন দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪,৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪,৪৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩,৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২,৯৭৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।