বাড়ানোর একদিন পরই কমলো সোনার দাম

দাম বৃদ্ধির ঠিক ২৪ ঘণ্টার মাথায় দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা খাঁটি সোনার মূল্য হ্রাস পাওয়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গতকাল সোমবার (২৭ জুলাই) ভালো মানের এক ভরি সোনার দাম সমপরিমাণ (২,২১৬ টাকা) বাড়ানো হয়েছিল। তবে একদিনের ব্যবধানেই সেই বর্ধিত দাম ফিরিয়ে এনে আবার সমন্বয় করলো বাজুস।

নতুন দর অনুযায়ী সোনার দাম (ভ্যাটসহ)

২২ ক্যারেট: ভরি প্রতি ২,২১৬ টাকা কমে নতুন দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

২১ ক্যারেট: ভরি প্রতি ২,১০০ টাকা কমে নতুন দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা।

১৮ ক্যারেট: ভরি প্রতি ১,৭৫০ টাকা কমে নতুন দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

সনাতন পদ্ধতি: ভরি প্রতি ১,৪৫৮ টাকা কমে নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫৯ টাকা কমে দাঁড়িয়েছে ৪,৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৬ টাকা কমে ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ২,৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।