হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে সপ্তাহের ব্যবধানে এশীয় বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে জানা যায়, ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেল প্রতি ৯১ সেন্ট বা ১.০৯ শতাংশ বেড়ে ৮৪.৪৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮.৭৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ইরান ও ওমানের মধ্যকার সম্ভাব্য চুক্তি ও হরমুজ প্রণালি খুলে যাওয়ার আশায় গত সপ্তাহে উভয় ধরনের তেলের দাম ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের পাঁচভাগের একভাগই এই সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হতো।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ওমানের সঙ্গে তাদের চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এই চুক্তি বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনও বেশ কিছু শর্ত পূরণ করতে হবে বলে জোর দিয়েছে তেহরান।