দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন দাম অনুযায়ী:
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বেড়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করা হয়েছিল। অর্থাৎ, দাম কমানোর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একই পরিমাণে আবারও বাড়ানো হলো।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারিত রয়েছে।