মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কা এসে লেগেছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে। জ্বালানির ঊর্ধ্বমুখী দাম ও অভ্যন্তরীণ গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে কলকারখানার গতি, ধাক্কা খাচ্ছে কৃষির সার উৎপাদনও।
পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানুষের আয় এবং কর্মসংস্থানে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। বিশ্বব্যাংকের জুনের মাঝামাঝি প্রকাশিত এক মূল্যায়নে সতর্ক করে বলা হয়েছে, এই সংকটের মেয়াদ বাড়লে বাংলাদেশে প্রায় ৬ লাখ মানুষ কাজ হারানোর চরম ঝুঁকিতে পড়তে পারেন। একই সাথে দারিদ্র্যসীমা থেকে মুক্তি পাওয়ার পথে থাকা লাখ লাখ মানুষ পুনরায় চাপে পড়ে যাবেন।
বিশ্বব্যাংকের তথ্যমতে, বিশ্বরাজনীতির এই অস্থিরতা না থাকলে ২০২৬ সালে দেশে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্য মুক্ত হতে পারতেন, যা কমে এখন ৫ লাখে দাঁড়াতে পারে। অর্থাৎ অতিরিক্ত প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্য থেকে বের হওয়ার সুযোগ হারাবেন। শুধু ২০২৫ সালেই দেশের দরিদ্র মানুষের সংখ্যা আনুমানিক ১৪ লাখ বৃদ্ধি পেয়েছে।
সংকট ঘনীভূত হওয়ার পেছনে জ্বালানি খাতের বড় ভূমিকা রয়েছে। দেশে ব্যবহৃত জ্বালানির সিংহভাগই গ্যাসভিত্তিক, কিন্তু ২০১৬ সালের তুলনায় বর্তমানে গ্যাসের উৎপাদন ১৫ শতাংশ কমেছে। এর ওপর আমদানি করা তেলের প্রায় ৬০-৬৫% এবং এলএনজির ৫৫-৬০% আসে মধ্যপ্রাচ্য থেকে। আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতায় এলএনজির দাম প্রতি ইউনিটে ২৪ থেকে ২৮ ডলারে গিয়ে ঠেকেছে, যা আগের মূল্যের দ্বিগুণেরও বেশি। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ২.৫ বিলিয়ন থেকে বেড়ে ৪.৮ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
জ্বালানি সংকটে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি খাত। গ্যাস ঘাটতির দরুন দেশের ছয়টি ইউরিয়া সার কারখানার মধ্যে পাঁচটিরই উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ইতোমধ্যেই ইউরিয়ার বাজারমূল্য প্রায় ৩০ শতাংশ বেড়েছে, সংকট দীর্ঘায়িত হলে যা দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই প্রভাব পড়ছে স্বাস্থ্য খাতেই- আমদানিনির্ভর ওষুধসামগ্রী ও বিদ্যুৎ সুবিধার অভাবে হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালনা ব্যয় আশঙ্কাজনকভাবে বাড়ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকা, কাজের সময়সূচি হ্রাস পাওয়া এবং কয়েকটি কারখানা বন্ধ হওয়ার ঘটনা বিশ্বব্যাংকের ৬ লাখ চাকরি হারানোর শঙ্কাকে আরও স্পষ্ট করে তুলছে।