আপাতত বাড়ছে না সয়াবিন তেলের দাম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করলে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে আসন্ন রমজানে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সয়াবিন ও পাম তেল দেশে উৎপাদিত হয় না। এ কারণে আন্তর্জাতিক বাজারে পণ্য দুটির দাম বাড়লে বা কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।

তিনি বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়ার কথা। তবে আমদানিকারকদের রাজি করিয়ে আপাতত বর্তমান দাম বহাল রাখা হয়েছে। এ ক্ষেত্রে এক ধরনের চাপ প্রয়োগ করেই তাঁদের রাজি করানো হয়েছে বলে জানান তিনি।

রমজানের বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখেও অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো। তাই এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত