৪৩ হাজার ২৮৮ কোটি টাকা ঋণ বিতরণ করবে ‘আশা’

২০২৬-২৭ অর্থবছরে ৪৩ হাজার ২৮৮ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। এ কার্যক্রমের আওতায় প্রায় ৭০ লাখ সদস্য আসবেন বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আশার ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এ লক্ষ্যমাত্রা অনুমোদন করা হয়।

সভায় একই অর্থবছরে সংস্থার উদ্বৃত্ত আয় থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ১৪৬ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন, শিক্ষাবৃত্তি, দুর্যোগপীড়িত মানুষের সহায়তা এবং শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আশার ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আশা সাধারণ পরিষদ ও আশা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ নূরুল ইসলাম। সভায় আশা প্রেসিডেন্ট মো. আরিফুজ্জুল হক চৌধুরী সদ্য সমাপ্ত অর্থবছরের ওপর একটি সার্বিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন।

সভাটি সঞ্চালনা করেন আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তৌফিকুল ইসলাম চৌধুরী।