মালয়েশিয়ায় হালাল খাদ্যপণ্যের মেলায় বাংলাদেশি ৬ প্রতিষ্ঠান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মেলা ইন্টারন্যাশনাল হালাল শোকেজ- এমআইএইচএএস এর ২২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের ৬টি প্রতিষ্ঠান। এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৫৮টি দেশের ১,৭০০টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রায় ২ হাজার বুথে হালাল খাদ্যপণ্য থেকে শুরু করে ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, লজিস্টিকস, ইসলামিক ফাইন্যান্স, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশি প্যাভিলিয়ন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তারা অংশগ্রহণকারী কোম্পানির প্রতিনিধিদের সাথে সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়া ও বৃহত্তর আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য রপ্তানি, নতুন বাজার সৃষ্টি, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং হালাল সনদ বিষয়ে নিয়ে আলোচনা করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী খাদ্যপণ্যের মেলাটি শেষ হবে বলে জানাগেছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের বুথে বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিযোগ্য পণ্য, ব্রশিওর, প্রকাশনা এবং প্রচারণামূলক ডকুমেন্টারি প্রদর্শিত হচ্ছে। 

বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের তৈরি হালাল পণ্যসামগ্রী পরিচিতির মাধ্যমে নতুন বাজারে প্রবেশ, ব্যবসায়িক অংশীদার তৈরী এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরী হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত