ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং বাংলা কিউআর সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর বনানী কাঁচাবাজারে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রম উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রী ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে বনানী কাঁচাবাজার থেকে একটি পণ্য কেনেন। এর মাধ্যমে কিউআর কোডভিত্তিক ক্যাশবিহীন লেনদেনের ব্যবহারিক দিকটি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বাংলা কিউআরকে নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষকে ডিজিটাল লেনদেনে যুক্ত হতে হবে। বাংলা কিউআর ব্যবহার করে লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে বলেও তিনি জানান। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং পেমেন্ট প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডাচ্-বাংলা ব্যাংকের NexusPay ও Rocket অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। এর মাধ্যমে ক্রেতারা কিউআর কোড স্ক্যান করে পণ্য বা সেবার মূল্য পরিশোধ করতে পারেন।
ডিজিটাল পেমেন্টের ব্যবহার আরও বিস্তৃত করার পাশাপাশি সহজ, দ্রুত ও ক্যাশলেস লেনদেনের পরিবেশ গড়ে তুলতে ডাচ্-বাংলা ব্যাংক কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকটির পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।