নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে স্ট্র্যাটেজিক কনক্লেভ আয়োজন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।
গত ৯ অক্টোবর ২০২৬ তারিখে কুমিল্লার বুরো ট্রেনিং সেন্টারে হাইব্রিড পদ্ধতিতে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান।
অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ বা বিশ্বস্ত সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে গ্রাহকদের প্রতি যত্নশীল মনোভাব প্রদর্শন এবং কার্যকর কৌশল বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ব্যাংকের কৌশলগত লক্ষ্য অর্জন এবং আর্থিক খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কনক্লেভে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করেন। উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে তাঁরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
এ সময় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি শাখাগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
কনক্লেভে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
গ্রাহকসেবার উন্নয়ন, ব্যবসায়িক কৌশলের কার্যকর বাস্তবায়ন এবং ব্যাংকের নির্ধারিত লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে কনক্লেভটি অনুষ্ঠিত হয়।