হরমুজে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমলো তেলের দাম

হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও কমেছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। এর মধ্য দিয়ে আগের দিনের মূল্যবৃদ্ধি হারায় দুই ধরনের অপরিশোধিত তেল।

বাজার বিশ্লেষকদের নজর এখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তাঝুঁকি এবং তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের দিকে। এই নৌপথে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, জাহাজের মাধ্যমে তেল পরিবহনের খরচ কমাতে কিছু জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা তেলের বাজারের গতিপ্রকৃতি মূল্যায়ন করছেন।

এর আগের কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে হুতিদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে নতুন কৌশলে হামলা চালানোর বিষয়ে ইরানের ঘোষণার পর তেলের দাম বেড়েছিল। ইরানের লক্ষ্য তেলের দাম উঁচুতে রাখা বলেও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি হামলায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে বলে বুধবার সামুদ্রিক নিরাপত্তা-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গত ১০ দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। ইরান বলেছে, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এই নৌপথে সংঘাত বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের ওপর তার প্রভাব পড়তে পারে। সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং বিনিয়োগকারীদের বাজার মূল্যায়নের মধ্যে বৃহস্পতিবার দিনের শুরুতে তেলের দাম কমেছে।

সূত্র: আল-জাজিরা