অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল শনিবার (১৭ অক্টোবর) থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপক আবু সাঈদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কারখানায় এক ব্রিফিংয়ে তিনি জানান, ক্ষয়ক্ষতি মেরামত করে আবারও পুরোদমে উৎপাদন শুরু করা হবে। এরই মধ্যে কারখানার প্রকৌশলী ও টেকনিশিয়ানরা ক্ষতিগ্রস্ত স্থাপনা পর্যবেক্ষণ করেছেন বলেও জানান তিনি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের কাজ এরই মধ্যে শুরু করেছে ফায়ার সার্ভিস।
তিনি বলেন, টঙ্গীর চেরাগ আলীতে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল অগ্নিকাণ্ডের পর নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছে। আগুনে কারখানার বৈদ্যুতিক ওয়্যারিং ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে ভবনের বিভিন্ন সরঞ্জাম। সেগুলো ধুয়ে-মুছে পরিষ্কার করছেন কারখানার কর্মীরা।
ব্যবস্থাপক আবু সাঈদ আরও বলেন, এরই মধ্যে কারখানার ক্ষতিগ্রস্ত জিনিসপত্র মেরামতের কাজ শুরু হয়েছে। কোম্পানির প্রকৌশলী ও টেকনিশিয়ানরা বিভিন্ন সরঞ্জাম পর্যবেক্ষণ করছেন এবং সেগুলো মেরামত করছেন। বৈদ্যুতিক ওয়্যারিংসহ অন্যান্য সমস্যাও সারিয়ে তোলা হচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, সবকিছু ঠিক থাকলে ১৭ অক্টোবর থেকে কারখানাটিতে পুরোদমে উৎপাদন শুরু করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
ব্যবস্থাপক আবু সাঈদ বলেন, ‘শনিবার থেকে আমরা চালু করে দেব। আজকে একটু পানির সমস্যা হয়েছে। পানি ময়লা হয়েছে। এগুলো পরিষ্কার করে আমরা ইনশা আল্লাহ কাজ শুরু করে দেব।’
গত বুধবার (১৪ অক্টোবর) ওষুধ কারখানাটির চারতলা ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১২ ঘণ্টা পর রাত ১০টায় আগুন পুরোপুরি নেভানো হয়।