দেশের সব ব্যাংক খোলা থাকবে কাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ব্যাংক ছুটি সমন্বয় করতে আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) দেশের সব ব্যাংক খোলা থাকবে। এদিন ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। অন্যদিকে, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন ব্যাংক বন্ধ থাকবে।

সম্প্রতি এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের ২০, ২১ ও ২২ অক্টোবর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলারের নির্দেশনা অনুসরণ করতে হবে। সে অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। পরে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়। ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন পূজার ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সংশ্লিষ্টরা।

এই ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ১৭ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও খোলা থাকবে।