বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। তবে ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনায় চলতি সপ্তাহ শেষে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে ক্ষতির মুখে পড়ার পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে বাজারে। এতে তেলের দামে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে। তবে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দাম বৃদ্ধিতে কিছুটা প্রভাব রাখছে।

শুক্রবার (৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় রাত ২টা ২২ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের ফিউচার মূল্য আগের তুলনায় ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬২ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধের গতিপ্রকৃতি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের নিরাপত্তা—এই দুই বিষয়ই তেলের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে দিনের লেনদেনে দাম বাড়লেও সপ্তাহজুড়ে বড় ধরনের দরপতনের সম্ভাবনা এখনো রয়েছে।

সূত্র: আল জাজিরা