বিশ্ববাজারে বাড়লো স্বর্ণ-রুপার দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য সামনে আসায় আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। এতে করে মূল্যবান এই ধাতুর মূল্যে বড় ধরনের উত্থানের পথ আপাতত মসৃণ নয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫১ দশমিক ৩১ ডলারে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ধাতুটির দাম প্রায় ৩ শতাংশ কমে ৪ হাজার ১৭ দশমিক ২১ ডলারে নেমেছিল। এছাড়া আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৫৯ ডলারে পৌঁছেছে।

ফাইন্যান্সিয়াল সেবা প্রতিষ্ঠান স্টোনএক্স-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ‘মঙ্গলবার বড় ধরনের দরপতনের পর আমরা একটি পুনরুদ্ধারের ধারা দেখতে পাচ্ছি। কারণ মন্দাভাবের সুযোগ নেয়া ব্যবসায়ীরা মুনাফা তুলে নিচ্ছেন।’ অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ দশমিক ৮৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৬ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ টাকা ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বেচাকিনা হচ্ছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায়।

এছাড়া ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা বেচাকিনা হচ্ছে ২ হাজার ২১৬ টাকায়।